প্রথমে ব্যাগ থেকে মাথা, পরে ধড় উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলায় একটি স্কুলের ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে এক ব্যক্তির কেটে নেওয়া মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে ওই স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাথাহীন ধড় পাওয়া যায়।
আজ শনিবার সকাল সাতটার দিকে মাথা ও আটটার দিকে ধড় উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম ফিরোজ মোল্লা (৪০)। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব আবদালপুর গ্রামে। দুপুর ১২টার দিকে ফিরোজ মোল্লার স্ত্রীর ভাই আকাম উদ্দিন লাশটি শনাক্ত করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলছেন, সকাল সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে তাঁরা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ভেতরে এক ব্যক্তির মাথা দেখা যায়। এলাকাবাসী স্থানীয় দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দেয়।
দহকোলা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সকাল আটটার দিকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙা গোবিন্দপুকুর এলাকায় মাঠের মধ্যে একটি ধড় পড়ে আছে বলে খবর পাওয়া যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ফিরোজ মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।