প্রথমে র্যাবের হাতে, তারপর ট্রাকের ধাক্কা...
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে আটক হয় শিবির নেতা আসাদুল্লাহ তুহিন (১৭)। একই দিন দিবাগত রাত তিনটার দিকে তিনি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন তুহিন। কিন্তু বাংলাদেশ জামায়েতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের দাবি, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত তুহিনের বাবার নাম এমাদুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লায় তাঁর বাসা। তিনি জেলা ছাত্রশিবিরের সাথী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তুহিনকে নিয়ে ককটেল উদ্ধারে যায় র্যাব। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়কের লালাপাড়ায় পৌঁছালে তুহিন র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
মেজর কামরুজ্জামানের দাবি, গতকাল বিকেলে তুহিনকে আটক করে র্যাব। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ককটেল হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে শিবিরের একটি দলের নেতৃত্ব দিতেন তিনি।
নিহতের মা কমলা বেগম ও ভাই আল আমীন জানান, র্যাব সদস্যরা গতকাল দুপুরে তুহিনকে বাড়ি থেকে আটক করে। আটকের সময় র্যাব সদস্যরা তাঁকে বেদম প্রহর করছিলেন। তুহিন কীভাবে মারা গেছেন, এ ব্যাপারে তাঁরা অবগত নন।
তুহিনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা দাবি করেন, র্যাব তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।