
খুলনার খালিশপুরে সুজন হত্যা মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, মামলার প্রধান আসামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকটাত্মীয়। এ কারণে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো সুজনের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সুজনের পরিবারের সদস্যরা। পরিবারটির একমাত্র দাবি, সুজনের হত্যাকারীদের বিচার।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় খালিশপুরের বিজেএমসি শ্রমিক কবরস্থানে সুজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় সুজনের বাবা ফরিদ সরদার ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ছয়-সাতজনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি খালিশপুর থানায় মামলা করেন। মামলার ১ নম্বর আসামি হলেন খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার শেখ খালিদ।
সংবাদ সম্মেলনে সুজনের বাবা ফরিদ সরদার অভিযোগ করেন, খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন হলেন প্রধান আসামি শেখ খালিদের খালু শ্বশুর। এ কারণে মামলা করার সময় এজাহার থেকে খালিদের নাম বাদ দিতে জোর চেষ্টা চালান ওসি। খালিদের নাম বাদ না দিলে মামলা নেওয়া হবে না বলেও হুমকি দেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় মামলা দিলেও আসামিদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে খুলনায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন খালিদ। কিন্তু পুলিশ সেখানে থাকলেও খালিদকে গ্রেপ্তার করা হয়নি। ওসি আনোয়ার হোসেন বলেন, ‘খালিদ আমার কোনো নিকটাত্মীয় নয়, অনেক দূর সম্পর্কের আত্মীয়। এ আত্মীয়তার সম্পর্ককে পরিচয় দেওয়া যায় না।’
খালিদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্নে ওসি বলেন, সুজন এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। ঘটনার দিন সুজনকে মুঠোফোনে ডেকে নেন লিটন নামের একজন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। লিটন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাতে খালিদসহ আরও কয়েকজনের নাম নেই। তা ছাড়া মামলাটি এখনো তদন্তাধীন।