প্রধান আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আট বছর বয়সী ঋতু খাতুনকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর ইসলামকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক জুলফিকার হায়দার ১৬৪ ধারায় নূর ইসলামের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রোববার সকালে সদর থানার পুলিশ গ্রামের পটলখেত থেকে ঋতুর লাশ উদ্ধার করে। ঋতু সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে শিবনাথপুর ও পশ্চিম মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, নিহত শিশুর মা কোহিনূর বেগম বাদী হয়ে নূর ইসলামসহ তিনজনকে আসামি করে রোববার থানায় মামলা করেন। রাতেই পুলিশ সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নূর ইসলামকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বিচারকের কাছে স্বীকার করেন, শিশু ঋতু খাতুনের বড় ভাই কবিরুলের সঙ্গে তাঁর কিছু দিন আগে গন্ডগোল হয়। এরপর তিনি কবিরুল বা কবিরুলের পরিবারের কাউকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। শনিবার সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে তিনি ঋতুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে বাড়ির পাশের একটি পটলখেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে সে গলা চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে শিশুটি মারা যায়।