ঢাকার সাভারে দুই তরুণী ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি লিটন মণ্ডলকে রিমান্ড শেষে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাওয়ার্দী হোসেন গতকাল লিটনকে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণের আবেদন জানান। কিন্তু লিটন জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করায় তা সম্ভব হয়নি। ধর্ষণের শিকার তরুণীদের একজন ৭ জুলাই আদালতে ২২ ধারায় দেওয়া জবানবন্দিতে লিটনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
সাভার মডেল থানার পরিদর্শক সোহরাওয়ার্দী হোসেন বলেন, রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে লিটন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি নিতে না পারার ব্যর্থতা আমার। আর এই জবানবন্দি নিতে না পারার মধ্য দিয়ে মামলাটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলো।’
তবে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, লিটনের জবানবন্দি না দেওয়ার মধ্য দিয়ে মামলা দুর্বল হওয়ার কোনো কারণ নেই।
৬ জুলাই রাতে সাভারে ধর্ষণের শিকার হন দুই তরুণী।