প্রধান আসামি কালা বাবুকে খুঁজছে পুলিশ-র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে তিন খুনের মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালা বাবুকে গতকাল রোববারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার এক চাচি কালা বাবুকে র‍্যাব ঘটনার পরপরই ধরেছে বলে দাবি করলেও র‍্যাব ও পুলিশ বলছে, তারা কালা বাবুকে খুঁজছে।

গতকাল এ মামলার ১৫তম আসামি জাকির হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলাটি তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। মামলায় যে ১৫ জনের নাম উল্লেখ আছে তার বাইরে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়টি মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। তিনি জানান, কালা বাবুসহ সম্ভাব্য সবাইকে গ্রেপ্তারের কাজ চলছে।

এর আগে কালা বাবুর চাচি চায়না বেগম দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে ঘটনার পরপরই তাঁকে ধরেছে র‍্যাব। এই দাবি অস্বীকার করে গতকাল র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরাও কালা বাবুকে খুঁজছি।’

বৃহস্পতিবার রাতে মগবাজারের সোনালীবাগে চান বেকারি গলিতে সন্ত্রাসীদের গুলিতে রানু আক্তার, বিল্লাল ও মুন্না নিহত হন। আহত হন রানুর ভাই হৃদয়। এ ঘটনায় শুক্রবার রাতে রমনা থানায় মামলা করেন রানুর বড় ভাই মো. শামীম ওরফে কালা চান।

এ মামলার আসামি জাকির হোসেনকে গতকাল সকালে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রাতে মামলার ৯ ও ১০ নম্বর আসামি শামীম হোসেন ও সোহেল খানকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল সোনালীবাগের বাসিন্দারা অভিযোগ করেন, সকালে কালা চান কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে রিপন ও আলমগীর নামে দুই যুবককে বেদম মারধর করেন।

এ ব্যাপারে কালা চানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

ওই মারধরের ঘটনা সম্পর্কে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘রিপন এই মামলার আসামি বিল্লালের ভাই। সকালে কালা চানকে দেখে দৌড় দিলে তিনি রিপন ও আলমগীরকে ধরে চড়-থাপড় দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠাই। তবে কাউকে পাওয়া যায়নি।’