বগুড়ার শেরপুরে একজন চিকিৎসককে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় শহরের বণিকপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, গ্রেপ্তারের পর জাকিরের দেওয়া তথ্যমতে গতকাল রোববার ভোররাতে তাঁর বাড়ির ছাদ থেকে একটি কাগজের কার্টনের মধ্যে লুকানো ১০টি ককটেল ও দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছেন, স্থানীয়ভাবে নাশকতার উদ্দেশ্যে তিনি এসব অস্ত্র সংগ্রহ করেছিলেন। তাঁর বিরুদ্ধে গতকাল রোববার সকালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।
চিকিৎসককে নির্যাতন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, গতকাল বিকেলে জাকিরকে আদালতে সোপর্দ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, এরই মধ্যে জাকিরের স্ত্রী মিনা বেগমের (২৮) কাছে থেকে মামলার বাদী ওই চিকিৎসকের কাছ থেকে জোর করে নেওয়া নগদ টাকা ও সাড়ে ৪ লাখ টাকা লেখা ব্যাংকের একটি চেকের পাতা উদ্ধারসহ মিনা বেগম ও আসামিদের নিকট আত্মীয় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির ও তাঁর সঙ্গপাঙ্গরা ১৪ মার্চ রাতে উপজেলার বাগড়া এলাকার একটি চাতালের গুদামঘরে ওই চিকিৎসককে আটকে মারধর ও বিবস্ত্র করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও একটি চেকের পাতায় সাড়ে ৪ লাখ টাকা লিখে তাতে তাঁর স্বাক্ষর আদায় করে। এ ঘটনায় নির্যাতিত ওই চিকিৎসক ১৫ মার্চ থানায় মামলা করেন।