চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস হত্যাকাণ্ড
প্রধান আসামি গ্রেপ্তার হননি, জমা পড়েনি তদন্ত প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকার হত্যাকাণ্ডের এক মাস পরও গ্রেপ্তার হননি মামলার প্রধান আসামি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট গঠিত তদন্ত কমিটিও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়নি। নতুন করে আর কোনো আসামিও গ্রেপ্তার হয়নি।
গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার। ওই দিন রাতেই পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ জনসহ মোট ৬৫ জনকে আসামি করে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। এ মামলার ২ নম্বর আসামি আশরাফুজ্জামান ওরফে আশা। পরদিন রাতে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম। এতে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। এ মামলায় আশরাফুজ্জামানকে ১ নম্বর আসামি করা হয়।
হত্যাকাণ্ডের দিনই রাতে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রতিবদন জমা হয়নি।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অবিরামভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে এখনো চূড়ান্ত কথা বলার সময় আসেনি।’
দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে চেষ্টা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘তদন্তের দায়িত্বে থাকা শিক্ষকেরা কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সবাই প্রতিদিন ক্যাম্পাসে যেতে পারছেন না। তাই একটু বিলম্ব হচ্ছে।’
তাপস হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন হাটহাজারী থানায় উপপরিদর্শক হাবিবুর রহমান। অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা হত্যা মামলার মূল আসামি আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযানও চালিয়েছে পুলিশ। কিন্তু দ্রুত জায়গা পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’ তিনি দাবি করেন, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে।
হত্যা মামলার বাদী তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূল হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় তাপস হত্যার বিচার নিয়ে সবার মাঝে সংশয় কাজ করছে।
নিহত তাপসের বড় ভাই আশীষ সরকার প্রথম আলোকে বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাব না। হত্যার সুষ্ঠু বিচার পেলে শোক কিছুটা হলেও ভুলতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী খুন হন। তাপস সরকার খুন হওয়ার আগে সর্বশেষ গত বছরের ১২ জানুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত হন শিক্ষার্থী মামুন হায়দার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার প্রায় ১১ মাস পর গত ডিসেম্বরে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
এরপর ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার। এই কমিটির প্রতিবেদন প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১০ সালের বিভিন্ন সময়ে খুন হন তিনজন। এর মধ্যে এলাকাবাসীর ছুরিকাঘাতে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আসাদুজ্জামান এবং ষোলশহর রেলওয়ে স্টেশনে ও শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন রাজনীতি বিজ্ঞান বিভাগের মহিউদ্দিন মাসুম ও হিসাববিজ্ঞানের হারুনুর রশিদ।
আসাদুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আল আমীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে, রাত-দিন কষ্ট করে আসাদের হত্যাকারীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিই। কিন্তু তা আমলে নেওয়া হয়নি। এমনকি সিন্ডিকেটেই তোলা হয়নি প্রতিবেদনটি। আসামিদেরও মুখোমুখি করা হয়নি বিচারের।’