মাগুরা সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে গত সোমবার রাতে মাগুরা সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ওই আসামিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা বলেন, অভিযুক্ত ব্যক্তি গত ২ অক্টোবর দুপুরে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। ঘটনার কিছুক্ষণ পর ছাত্রীর মা বাড়িতে এসে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পর তার চিকিৎসা করানো হয়। ঘটনার পরদিন শিশুটির মা ওই ব্যক্তিসহ তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, তিন মাস ধরে ওই ব্যক্তি পলাতক ছিলেন। গোপন সংবাদে গত সোমবার রাতে ঝিনাইদহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল বিকেলে আদালতে সোপর্দ করা হয়। ওই ব্যক্তি পুলিশের সামনে সাংবাদিকদের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন।