প্রধান আসামি নূর হোসেন এখনো কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এখনো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে বহাল আছেন। নূর হোসেন ও তাঁর ভাতিজা আরেক কাউন্সিলর শাহ্‌জালাল বাদল ওই খুনের ঘটনার পর ১০ মাস ধরে পলাতক। তাঁদের বিষয়ে নির্দেশনা চেয়ে গত অক্টোবরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় সিটি করপোরেশন। কিন্তু মন্ত্রণালয় গত চার মাসেও চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়ায় দুজনই কাউন্সিলর পদে বহাল আছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় উল্লেখ আছে, যুক্তিসংগত কারণ ছাড়া সিটি করপোরেশনের পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। কেউ নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনিও অপসারণযোগ্য হবেন। নূর হোসেন ও শাহ্জালাল বাদল সিটি করপোরেশনের পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে বিরল প্রজাতির বন্য প্রাণী সংরক্ষণের দায়ে আদালত নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায়ও নূর হোসেনের তিন বছরের কারাদণ্ড হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন। আর শাহ্‌জালাল বাদল ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার জানান, নূর হোসেন ও শাহ্‌জালাল বাদল পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত থাকায় গত ২০ অক্টোবর করপোরেশনের ২৪তম মাসিক সভায় তাঁদের বিষয়ে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। ৩০ অক্টোবর সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়। গত ১০ ডিসেম্বর সিটি করপোরেশনকে দেওয়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জসীম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে নূর হোসেন ও শাহ্‌জালাল বাদলের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার পূর্ণাঙ্গ তথ্য জেলা পুলিশ থেকে সংগ্রহ করে পাঠাতে এবং তাঁদের বিরুদ্ধে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশন গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগে দেওয়া চিঠিতে দুই কাউন্সিলরের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার পূর্ণাঙ্গ তথ্য জেলা পুলিশ প্রশাসন থেকে সংগ্রহের অনুরোধ জানায়।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজন গত বছরের ২৭ এপ্রিল অপহৃত হন। ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে একজনের বস্তাবন্দী লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে। লাশ উদ্ধারের আগেই নূর হোসেন ও শাহ্‌জালাল বাদল আত্মগোপন করেন। কাউন্সিলর নজরুল ও তাঁর চার সহযোগীকে অপহরণ করে খুনের অভিযোগে তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা থানায় ২৮ এপ্রিল নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, সিটি করপোরেশনের পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত দুই কাউন্সিলরের বিরুদ্ধে আইন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা একমাত্র মন্ত্রণালয়ের হাতে। সাত খুনের ঘটনা সারা দেশে নয়, বিদেশেও আলোচিত। নূর হোসেন কত জঘন্য অপরাধ করেছেন, তা সারা দেশের মানুষ জানলেও মন্ত্রণালয় জানে না—এটা দুঃখজনক। অথচ রাজশাহী সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্তের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সরকারের কাছে সুপারিশ করেছে। সবকিছুই রাজনৈতিক বিবেচনায় হওয়ায় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না।

নারায়ণগঞ্জ পুলিশ সূত্র জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গের কারাগারে থাকা নূর হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। সাধারণ ডায়েরি (জিডি) আছে আরও দুটি। শাহ্‌জালাল বাদলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। সাত খুনের পর গত মে মাসে জেলা প্রশাসন নূর হোসেন, শাহ্‌জালাল বাদল ও তাঁদের সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করে।