প্রধান আসামি মিনার চৌধুরী আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে মাহতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে আদাবর থানার পুলিশ।

আদাবর থানার ওসি রুহুল আমিন বলেন, একরাম হত্যা মামলায় মিনারকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তিনি ফেনীর নিম্ন আদালতে হাজির হননি। এ কারণে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে বারডেমেই আছেন। আজ রোববার তাঁকে সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হবে।

এর আগে ২৭ মে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ জুলাই জামিনে ছাড়া পান তিনি।

গত ২০ মে ফেনীতে একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মডেল থানায় মামলা করেন।