প্রধান আসামি লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লিটু সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে আছেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন লিটু। পরে সেখান থেকে একটি ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। লিটুকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যান লিটু। এ ঘটনায় ওই রাতেই লিটুসহ পাঁচজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন পূজার বাবা বিপুল কুমার বিশ্বাস।