প্রধান আসামি সরকারি দপ্তরে, খুঁজে পায় না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার কোনো আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালানো নিয়ে সংশয় প্রকাশ করেছে বাদীপক্ষ। গতকাল সোমবার বাগমারা প্রেসক্লাবে এসে বাদীপক্ষ অভিযোগ করে, প্রধান আসামিসহ অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ ইচ্ছাকৃতভাবে তাঁদের খুঁজে পাচ্ছে না।
চতুর্থ ধাপে আগামী ৭ মে বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন।
৬ এপ্রিল রাতে আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সরদার জান মোহাম্মদ ও তাঁর লোকজন একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় তাঁদের হামলায় আওয়ামী লীগের একই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুজ্জামান ওরফে শহিদ এবং তাঁর দুই সহযোগী গুরুতর আহত হন। এ ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সদস্য ফরিদা ইয়াসমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদসহ ২১ জনকে আসামি করা হয়।
মামলা দায়েরের চার দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে পুলিশ ধরেনি বলে বাদী অভিযোগ করেন। গতকাল দুপুরে বাগমারা প্রেসক্লাবে এসে তিনি অভিযোগ করেন, আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, অথচ পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
এদিকে গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনেও প্রধান আসামিকে উপজেলা সদরে মহড়া দিতে দেখা যায়। বেলা ১১টায় তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আসেন। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি আহসান আলীসহ বেশ কয়েকজন নেতাকে দেখা যায়। চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিয়ে বাড়িতে ফিরে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল জব্বার বলেন, সকালে যাচাই-বাছাইকালে আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদসহ অন্যরা প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে তাঁর দপ্তরে উপস্থিত ছিলেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক দুরুল হুদা প্রথম আলোকে জানান, আসামিরা পলাতক রয়েছেন, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলেই গ্রেপ্তার করা হবে। পরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গতকাল সকালে প্রধান আসামি উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে উপস্থিত ছিলেন বলে তাঁকে (তদন্ত কর্মকর্তা) জানালে তিনি বলেন, ‘ওই সময় আমি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে ছিলাম। সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, অনেকে দোকানপাট বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।’
আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুজ্জামান ওরফে শহিদ বলেন, আসামিরা গ্রেপ্তারের বাইরে থাকায় তিনি ও তাঁর কর্মী-সমর্থকেরা আতঙ্কে রয়েছেন।
তবে গতকাল আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন শাখার সভাপতি সরদার জান মোহাম্মদকে মনোনয়ন দেয়। মনোনয়ন না পেয়ে একই দলের আউচপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এতে ক্ষুব্ধ হয়ে দলের প্রার্থী সরদার জান মোহাম্মদ লোকজন নিয়ে প্রতিপক্ষ (স্বতন্ত্র) প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী, তাঁর স্ত্রী ও দুই সমর্থক আহত হন।