নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার বাদী তাঁর বাবা জালাল উদ্দিনকেও প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি সন্ত্রাসী ভিপি সোহেল এখনো গ্রেপ্তার হননি। এ ঘটনায় নজরুল হত্যা মামলার সাক্ষীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে ভিপি সোহেলের ক্যাডার বাহিনী এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। জালাল উদ্দিনের পরিবারের সদস্যরাও আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।
সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জের মাছিমপুর এলাকার সন্ত্রাসী শাহরিয়ার পান্না ওরফে ভিপি সোহেল ও তাঁর ক্যাডার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনের ব্যবসা করছে। ভিপি সোহেলের বাড়ি মীর কুটিরছেও গ্রামে। পাশের গ্রামের জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ছিলেন প্রতিবাদী যুবক ও কৃষিজীবী। সোহেলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামের লোকজন নজরুলের পক্ষে অবস্থান নেন। এতে কোণঠাসা হয়ে পড়ে ভিপি সোহেল ও তাঁর ক্যাডার বাহিনী। তাদের অন্যায়-অপকের্মর প্রতিবাদ করলে ক্ষুব্ধ হয়ে ভিপি সোহেল ও তাঁর ক্যাডার বাহিনী ২০১১ সালের ৫ নভেম্বর নজরুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা। এ ঘটনায় নজরুলের বাবা জালাল উদ্দিন ভিপি সোহেল ও তাঁর লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে জালাল উদ্দিন ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল। আগামী সপ্তাহে ওই মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এরই মধ্যে ভিপি সোহেল ও তাঁর ক্যাডার বাহিনীর কয়েকজন জামিনে ছাড়া পান। এরপর বৃহস্পতিবার জালাল উদ্দিনকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে তাঁকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মুড়াপাড়া ডিগ্রি কলেজে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি সোহেলের উত্থান ঘটে। এরপর তিনি ওই কলেজের ভিপি নির্বাচিত হয়ে এলাকায় গড়ে তোলেন ক্যাডার বাহিনী। জালাল উদ্দিন হত্যার ঘটনায় গত শুক্রবার তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ভিপি সোহেলসহ ২১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরদিন আড়াইহাজার থেকে ইকবাল নামের একজনকে আটক করা হয়। সেলিনা আক্তার বলেন, তাঁর পরিবারের সদস্যরা ভিপি সোহেলের ভয়ে এলাকাছাড়া।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তরের চেষ্টা চলছে।