প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলামকে হত্যাচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। গতকাল সকালে উপজেলা সদরে এসব কর্মসূচি থেকে প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাঞ্ছারামপুর আওয়ামী লীগের কার্যালয় থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন। গত বুধবার রাতে খাল্লা গ্রামে ইউপি চেয়ারম্যান সফিকুলের ঘরে ঢুকে উপর্যুপরি গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।