প্রধান আসামিসহ আরও দুজন গ্রেপ্তার, অর্থের জন্য হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্কুলছাত্রী দীপা (১৪) হত্যা মামলার প্রধান আসামি স্বপন ও তাঁর বন্ধু সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে ঢাকার মুগদাপাড়া থেকে গুরুদাসপুর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল রোববার সকালে গুরুদাসপুর থানায় এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন ও সজীব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশকে বলেছেন, নগদ অর্থ আর সোনার গয়নার লোভ সামলাতে না পেরে তাঁরা দীপাকে হত্যা করেন। জিজ্ঞাসাবাদের সময় গুরুদাসপুর থানার ওসি মো. ইব্রাহিম হোসেনসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কারা জড়িত, সে ব্যাপারে অধিকতর তথ্যের জন্য স্বপন ও সজীবকে আজও (গতকাল) থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানোর কথা।
গত শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি কলাবাগান থেকে পুলিশ দীপার গলাকাটা লাশ উদ্ধার করে। সে স্থানীয় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। দীপার পরিবারের সদস্যরা বলেছেন, পাশের বামনকোলা গ্রামের রহিতের ছেলে শিকারপুর মহসীন আলী কলেজের ছাত্র স্বপনের সঙ্গে দীপার প্রেম ছিল। ওই সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার রাতে দীপা স্বপনের সঙ্গে চলে যায়। যাওয়ার সময় দীপা বাড়ি থেকে গরু বিক্রির প্রায় ৩ লাখ ৬২ হাজার টাকা ও কিছু সোনার গয়না নিয়ে যায়।
এ ঘটনায় দীপার বাবা দুলাল প্রামাণিক স্বপনকে প্রধান আসামি করে মোট সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গত শনিবার মামলার দুই আসামি সোহেল রানা (২০) ও সালমানকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে উল্লেখ করা তিনজন আসামি গতকাল রাত পর্যন্ত পলাতক ছিলেন।
এদিকে দীপার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, মশিন্দা ইউনিয়নের শিকারপুর মডেল সিনিয়র মাদ্রাসাসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পৃথকভাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।