প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের মহিলা আওয়ামী লীগের নেত্রী কোহিনুর হত্যা মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত দুইটায় চাঁদপুর সদর উপজেলার তরপুর চণ্ডী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, কোহিনুরকে হত্যার পর নাজমা পালিয়ে যান এবং আত্মগোপন করার চেষ্টা করেন। কিন্তু সাদাপোশাকে পুলিশের বেশ কয়েকটি দল ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সোমবার রাতে চাঁদপুর সদরের তরপুর চণ্ডী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত রফিক ভূঁইয়া (৪২) নামের একজনকে গ্রেপ্তার করে চাঁদপুর মডেল থানার পুলিশ। সোমবার বিকেল পৌনে পাঁচটায় চাঁদপুর লঞ্চঘাটে ঢাকা থেকে চাঁদপুরগামী ময়ূর-৭ লঞ্চ থেকে নামার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিক নাজমার বাসার গৃহকর্মী বলে জানায় পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন বলেন, রফিক কোহিনুর হত্যা মামলার ৪ নম্বর আসামি।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতে চাঁদপুর মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে কোহিনুরের ভাই আবদুল মালেক ওরফে মোহন বাদী হয়ে মামলা করেন। এতে নাজমার স্বামী আলমগীর হোসেন (৪৮), নাজমার তিন ভাই আবদুর রাজ্জাক ঢালী (৪৮), ফজল ঢালী (৫০) ও হারুনুর রশিদকে (৪৩) আসামি করা হয়।
এজাহারে বলা হয়, নাজমা পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে গত শনিবার রাত সাড়ে আটটায় বাসা থেকে ডেকে কোহিনুর বেগমকে (৪৫) পাশের ভূঁইয়াবাড়িতে নেন। সেখানে ধারালো বঁটি ও দা দিয়ে গলা কেটে কোহিনুরকে হত্যা করেন।