ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দেকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তারিকুল হাসানকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে প্রজন্ম লীগের নেতা মো. আনোয়ারুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, তারিকুল হাসানকে ঢাকার তেজগাঁও এলাকার একটি বাড়ি থেকে গতকাল সকাল ১০টার দিকে গ্রেপ্তার করে ময়মনসিংহ পুলিশের একটি দল। আর আনোয়ারুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রজন্ম লীগের সভাপতি। আনোয়ারুলকে ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা মহল্লার বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যায়।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অর্থ কমিটির পরিচালক সুব্রত কুমার দেকে বেধড়ক মারধর করা হয়।
তারিকুলের গ্রেপ্তারের পরও গতকাল ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কয়েক দফা দাবিতে আন্দোলন করেছেন। শিক্ষার্থীরা বলছেন, তারিকুলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও সারা দেশে হায়দার কনস্ট্রাকশনের ঠিকাদারি ছাড়পত্র বাতিল করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবে না। শিক্ষক সমিতি তারিকুলকে কালো তালিকাভুক্ত করাসহ কয়েকটি দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করেছে।