প্রধান ও সহকারী শিক্ষককে স্কুলছাড়া করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে বিদ্যালয়ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সাংসদের অনুসারী শিক্ষকেরা এ হুমকি দেন।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শীল ও সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। গত ২৯ নভেম্বর বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়। এরপর প্রধান শিক্ষক কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। আওয়ামী লীগের সাংসদ মো. আফজাল হোসেনের ইচ্ছা, কমিটির সাবেক সভাপতি কামাল উদ্দিনকে আবার সভাপতি করা হোক। কিন্তু প্রধান শিক্ষক তা করছিলেন না। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষকও প্রধান শিক্ষকের পক্ষ নেন। এতে সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিপক্ষে অবস্থান নেন। তিনি হালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাংসদের অনুগত হিসেবে পরিচিত। গতকাল তিনি অপর দুজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে হুমকি দিয়ে বলেন, সাংসদের পছন্দের প্রার্থী যত দিন সভাপতি মনোনয়ন না পাবেন, তত দিন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক যেন না আসেন।
সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ বলেন, একটি মহলের ইঙ্গিতে ওই দুই শিক্ষক সাংসদের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে তাঁদের হুমকি দেওয়া হয়নি।
ফোন বন্ধ থাকায় এ বিষয়ে সাংসদের বক্তব্য পাওয়া যায়নি।