প্রধান ডাকঘর থেকে লাখ টাকা চুরি
ঝালকাঠির প্রধান ডাকঘর থেকে দুই ব্যক্তির এক লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী লোকজন সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের সালেহা বেগম নামের এক নারী দুটি ব্যাগে করে দেড় লাখ টাকা নিয়ে ডাকঘরে আসেন। তিনি সঞ্চয়ের জন্য ওই টাকা ডাকঘরে জমা রাখতে ক্যাশ কাউন্টারে গিয়ে কথা বলছিলেন। এ সময় তাঁর ব্যাগের চেইন খুলে ৫০ হাজার টাকার একটি বান্ডিল চোরেরা নিয়ে যায়। একই সময় ঝালকাঠি সদর উপজেলার গোয়ালকান্দা গ্রামের রণজিৎ খরাতী নামের এক ব্যক্তি ছয় বছর মেয়াদে সঞ্চয়ের জন্য ৫০ হাজার টাকা নিয়ে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সালেহা বেগমের টাকা চুরির কথা শুনে তিনি ব্যাগে হাত দিয়ে দেখেন টাকা নেই। ব্যাগটি কাটা।
সালেহা বেগম অভিযোগ করেন, ‘এ চুরির ঘটনায় ডাকঘরের লোকজন জড়িত। আমি দরিদ্র মানুষ। কাজ করে সঞ্চয়ের জন্য এই টাকা জমিয়েছিলাম।’
ঝালকাঠি প্রধান ডাকঘরের রেজিস্ট্রি অপারেটর হাবিবুর রহমান বলেন, ‘ওই নারী আমার সঙ্গে কথা বলার পর আমি নিচে নামি। পরে দোতলায় উঠতে গিয়ে শুনি তাঁর টাকা চুরি হয়ে গেছে।’
জেলা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার দেলোয়ার হোসেন বলেন, ‘কাউন্টারের বাইরে দুজনের ব্যাগ থেকে এক লাখ টাকা চুরি হয়েছে বলে আমি শুনেছি। একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের কাজ করেছে।’