প্রধান প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তরে ঢুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া এর আগে ও পরে দুই কর্মচারীকেও তাঁরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত প্রকৌশলী সিরাজুম মুনীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মারধরের শিকার দুই কর্মচারী হলেন প্রকৌশল দপ্তরের পিয়ন সুমন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দারোয়ান আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শী ও উপাচার্যের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটার দিকে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাঁর দপ্তরে যান প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর। তিনি সাক্ষাতের জন্য উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বসে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনসহ আট-দশজন নেতা-কর্মী সেখানে যান। এরপর তাঁরা সরাসরি প্রধান প্রকৌশলীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তন্ময়ানন্দ অভি, কর্মী মামুনসহ কয়েকজন প্রধান প্রকৌশলীকে মারধর শুরু করেন। এতে প্রকৌশলী কপাল ও পিঠে আঘাত পান। তিনি মেঝেতে পড়ে গেলে দপ্তর থেকে বেরিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। চলে যাওয়ার সময় প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগানো দেখতে পেয়ে দারোয়ান কাশেমকেও মারধর করে তালা খুলে বের হয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, এর আগে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২-এর প্রকৌশল দপ্তরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে তাঁকে না পেয়ে ওই দপ্তরের সুমন নামের এক কর্মচারীকে মারধর করেন তাঁরা। সেখান থেকে বের হয়ে তাঁরা উপাচার্যের দপ্তরে যান।
যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন অতিরিক্ত উপ-প্রধান প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘৩১ আগস্ট ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের সমাবেশের নাম করে প্রধান প্রকৌশলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে বলে শুনেছি। আজ (গতকাল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রধান প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি রাজি হননি। এসবের জের ধরেই মারধর করা হতে পারে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন বলেন, ‘উপাচার্যের সঙ্গে দেখা করতে আমরা তাঁর দপ্তরে যাই। তিনি ব্যস্ত থাকায় আমরা সেখানে অপেক্ষা করছিলাম। সেখানে নেতা-কর্মীরা দলীয় আলোচনা শুরু করলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করেন। এতে সেখানে উপস্থিত নেতা-কর্মীরা সহ্য করতে পারেননি। তাই ধাক্কাধাক্কি হয়।’ তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তৌহিদ।
বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন কি না, জানতে চাইলে প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, ‘বাজে মন্তব্য করার প্রশ্নই আসে না।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’