ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের সাবেক ছয়জন নেতা। তাঁদের সঙ্গে ছিলেন ছাত্রলীগের কয়েকজন সাবেক কর্মী ও বহিরাগত ব্যক্তি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান, তৌফিকুর রহমান, মিজানুর রহমান, আরব আলী, আনিচুজ্জামান লিটন ও রাসেল জোয়ারদারের নেতৃত্বে ২০-২৫ জন সাবেক কর্মী ও বহিরাগত ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী দুপুর ১২টা ও বেলা ২টার বাসগুলো ছেড়ে যেতে পারেনি।
চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা আমাদের দীর্ঘদিনের দাবি। বারবারই তারা আমাদের চাকরির আশ্বাস দিয়ে আসছে। তবে এবার প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি।’