সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে একটি গ্রুপ পেজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি পোস্টসহ তাঁর বিরুদ্ধে মানহানিকর, অশ্লীল মন্তব্য ও কুৎসা রটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৭ ধারায় মামলা (এফআইআর) রেকর্ড করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বগুড়ার একটি আদালত।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আহসান হাবিব স্বপ্রণোদিত হয়ে গতকাল সোমবার এই নির্দেশ দেন। এ ছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে ওই ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ উসকানিমূলক ও মানহানিকর পোস্টদাতা, মন্তব্যকারী এবং তথ্য আদান-প্রদানকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য এবং অপরাধীদের শনাক্ত করে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তথ্যপ্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ এমন কাউকে দিয়ে তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারক আহসান হাবিব উল্লেখ করেছেন, গত রোববার আদালতে অবস্থানকালে ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামের ওই গ্রুপ পেজ তাঁর নজরে আসে। এতে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অননুমোদিত প্রোফাইল ছবি ব্যবহার করে প্রধান বিচারপতি এবং প্রাতিষ্ঠানিকভাবে বিচারিক বিভাগ সম্পর্কে কুৎসা রটনা, হেয়প্রতিপন্ন করা এবং উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে। যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।