প্রধান বিচারপতির বাড়ির কাছ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার গ্রামের বাড়ির কাছে ঝোপের আড়াল থেকে গতকাল সোমবার একটি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। সিলিন্ডারটিকে ‘বিপজ্জনক কিছু’ বলে বিবেচিত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডারটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী অশ্বিনী কুমার সিংহ সকাল নয়টার দিকে সিলিন্ডারটি দেখে প্রধান বিচারপতির বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানান। সিলিন্ডারটি প্রধান বিচারপতির ঘর থেকে পশ্চিম দিকে প্রায় ২০০ ফুট দূরে ঝোপের আড়ালে রাখা ছিল। খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিলেট থেকে পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল চারটার দিকে দলটি সিলিন্ডারটি উদ্ধার করে। পরে তাঁরা ওই সিলিন্ডার থেকে গ্যাস বের করে দেন। ঘটনাস্থলে পাওয়া একটি মানিব্যাগে এলাকার বিভিন্ন সড়কের একটি স্কেচ ম্যাপ এবং কম্পিউটারে মুদ্রিত একটি কাগজে আল ফালাহ যুব সংঘের নাম পাওয়া গেছে।
এসপি মোহাম্মদ শাহজালাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।...হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে।’