প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা কম দেওয়া, বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অর্ধশতাধিক অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিভাবকদের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ক্রয়, খেলাধুলার সরঞ্জাম সরবরাহসহ নানা উন্নয়নকাজের জন্য গত ২০১৫-১৬ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ দিয়ে ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কোনো কাজ করা হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

অভিভাবকদের লিখিত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ২০ জুলাই ওই বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২১ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। টাকা বিতরণের সময় সভাপতি ও প্রধান শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কেটে রেখে দিয়েছেন।

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নানা ঝামেলা থাকায় বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে নির্ধারিত সময়ে কাজ করা সম্ভব হয়নি। তবে কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ে কোনো অনিয়ম হচ্ছে না। উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগটিও ভিত্তিহীন। সঠিকভাবে তালিকা তৈরি করায় বেশ কয়েকজন শিক্ষার্থী উপবৃত্তি পায়নি। এ নিয়ে বাদ পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

রসনা আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘এই স্কুলে আমার দুই ছেলে ও মেয়ে পড়ে। উপবৃত্তির টাকা দেওয়ার পর হেডমাস্টার এবং সভাপতি চেয়ার, টেবিল ও বেঞ্চের কথা বলে তা থেকে ২০০ টাকা রেখে দিয়েছেন। আমি একা না, আমার মতো আরও অনেকের কাছ থেকে তাঁরা টাকা রেখেছেন।’

এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘এ বিদ্যালয়ে সবকিছু নিয়ম অনুযায়ীই চলছে। আমি কোনো অনিয়ম বা অর্থ আত্মসাৎ করিনি। অভিভাবকদের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে বলেন, ‘আমি বিদ্যালয়ের পরিদর্শনে বের হয়ে গেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’