প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা কালীগঞ্জ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন দুই শতাধিক অভিভাবক।
অভিভাবকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোরঞ্জন রায় ও সাবেক প্রধান শিক্ষক বিনানন্দ রায় যোগসাজশ করে বিদ্যালয়ের নামে ২০১৪-১৫ অর্থবছরের ৯ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন, যার বাজারমূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। এ ছাড়া তাঁরা বিদ্যালয়ে বাংলার শিক্ষক নিয়োগে ৪ লাখ ৫০ হাজার, সাতজন দাতা সদস্যের কাছ থেকে আদায় করা ১ লাখ ৪০ হাজার ও বিদ্যালয়ের পুকুর থেকে বালু উত্তোলনের টাকা আত্মসাৎ করেন। অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনে বর্তমানে বিদ্যালয়ের একটি ভবন হুমকির মুখে পড়েছে।
অভিভাবক আজগার আলী ও জুগল চক্রবর্তী বলেন, ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির ওই প্রধান শিক্ষক বিনানন্দ অবসরে যান। এদিকে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৩ মার্চ। এরই মধ্যে কমিটির বর্তমান সভাপতি মনোরঞ্জন রায় প্রধান শিক্ষকের ওই পদটি পূরণে আরও বাণিজ্যে মেতে উঠেছেন। এ কারণে নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে পুনরায় নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও সভাপতি সেটি করেননি।
এ ব্যাপারে মনোরঞ্জন রায় বলেন, ‘বালু উত্তোলন ও টিআর প্রকল্পের বরাদ্দ আমার সময়ে হয়নি। সেটির ব্যাপারে আমি বলতে পারব না। দাতা সদস্যের টাকা নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষের ছয় মাস আগে ব্যাংকে জমা হয়। আগের কমিটি সেই টাকা তুলে কী করেছে আমার জানা নেই।’
বিনানন্দ রায় বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।’