প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক ওই শিক্ষিকার বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করতেন। ২২ জুলাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদকে বিষয়টি জানান। ২৬ জুলাই মাহবুবুজ্জামান অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য বিদ্যালয়ে যান। এ সময় উপস্থিত জনতা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সুপারভাইজার (তত্ত্বাবধায়ক) জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
মাহবুবুজ্জামান আহমেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ব্যবস্থা হিসেবে বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, কিছু লোক তাঁদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের মিথ্যা অভিযোগ এনেছে। সঠিকভাবে তদন্ত হলে তিনি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা আবু আশরাফ বলেন, তাঁরা বিষয়টি জানেন। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবেন।