প্রধান শিক্ষক গাছ কাটলেন!

কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ২০টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই এলাকায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ৯০ শতাংশ গাছপালা ভেঙে পড়েছিল। এরপর পরিবেশ রক্ষার স্বার্থে এলাকার মানুষ এই উচ্চবিদ্যালয়ের আঙিনাসহ বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক আকাশমণি, আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ সৃজন করেন।
অনুসন্ধানে জানা গেছে, গত সাত দিনে সরকারি এই উচ্চবিদ্যালয়ের আঙিনা ও হাঁটার পাকা রাস্তার দুই পাশে সৃজিত ২০টির বেশি গাছ কেটে ফেলেন প্রধান শিক্ষক এনামুল হক। তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন গত ২১ আগস্ট।
বিদ্যালয়ের পাশের সমশেরপাড়ার বাসিন্দা রফিক আহমদ বলেন, ‘স্কুলের গাছগুলো আমরা সৃজন করেছিলাম শিক্ষার্থীদের ছায়াদান ও পরিবেশ রক্ষার স্বার্থে। অথচ সেই গাছগুলো বিনা অনুমতিতে সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক কেটে ফেলছেন।’
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, বিদ্যালয়ের আঙিনায় সৃজিত ছায়াঘেরা গাছগুলো নির্বিচারে কেটে ফেলার ঘটনায় মানুষ ক্ষুব্ধ। গাছ কাটা বন্ধ এবং ঘটনার প্রতিকার চেয়ে এলাকার মানুষ প্রতিদিন তাঁর কাছে নালিশ দিচ্ছেন। কিন্তু সরকারি বিদ্যালয় বলে এ ব্যাপারে তিনি কিছুই করতে পারছেন না।
কক্সবাজার (উত্তর) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহ-ই আলম বলেন, যেকোনো প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে। সরকারি উচ্চবিদ্যালয়ের গাছ কাটার ক্ষেত্রে কেউ অনুমতি নেয়নি। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক স্থানীয় সাংবাদিকদের বলেন, আসবাব তৈরিসহ বিদ্যালয়ের নানা কাজে ব্যবহারের জন্য ১০টি গাছ কাটা হয়েছে। এ জন্য তিনজন শিক্ষক নিয়ে গাছ কাটা কমিটি গঠন করা হয়েছিল। অবশিষ্ট গাছ আগের প্রধান শিক্ষকের আমলে কাটা হয়েছিল, যা এখন তাঁর ঘাড়ে চাপানো হচ্ছে।
গাছ কাটার অনুমতি প্রসঙ্গে প্রধান শিক্ষক এনামুল হক বলেন, এ ক্ষেত্রে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি। কারণ, গাছগুলো বিদ্যালয়ের কাজে লাগানো হবে।