পাবনার সাঁথিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা করেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষক। পাবনার সাঁথিয়ার সহকারী জজ আদালতে দায়ের করা মামলাটিতে নিয়োগ বোর্ডের সদস্যসহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার দুই বাদী হলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাবির হোসেন ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জীবন কুমার কুণ্ডু।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু তালেব প্রাং, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তীসহ ১৪ জন।
মামলার এজাহার থেকে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতা হিসেবে প্রার্থীকে বিএডসহ ন্যূনতম স্নাতক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে মোট ২৪ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়োগ কমিটি বেআইনিভাবে বিজয় কুমার দেবনাথকে নিয়োগ দিয়েছে। তিনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড পাস করেননি।
মামলার এজাহারে দাবি করা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ে যোগ্যতাসম্পন্ন আরও প্রার্থীরা আবেদন করেছিলেন। তাঁদের নিয়োগ না দিয়ে কমিটি অবৈধভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়। এই নিয়োগ বাতিলের দাবি করেন দুই বাদী।
বিদ্যালয় কমিটির সভাপতি ও মামলায় অভিযুক্ত আবু তালেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিয়োগে কোনো অনিয়ম হয়নি। বিধি মোতাবেক নিয়োগ হয়েছে বলে আমি জানি।’
মামলায় অভিযুক্ত পাবনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমি নিয়োগ বোর্ডে ছিলাম না। তবে বিদ্যালয়টিতে বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ঝামেলা চলছে, এটা জানি। সমস্যাটি সমাধানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।’