প্রধান শিক্ষক নিয়োগে ২০ লাখ টাকা উৎকোচ!

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফের বিরুদ্ধে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ২০ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ করেছেন ওই দলটির সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় ডাকবাংলো মোড়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সম্পাদক।
অভিযোগে বলা হয়, ২০ লাখ টাকা উৎকোচ নিয়ে বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জর্জ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক পদে অযোগ্য এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি বোয়ালমারী উপজেলা পরিষদেরও চেয়ারম্যান। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য।
বোয়ালমারী জর্জ একাডেমি সূত্রে জানা গেছে, ১৯১১ সালে এই বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম পাঁচ মাস আগে অবসরে গেলে পদটি শূন্য হয়। এরপর প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। গতকাল এ নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২০ জন প্রার্থী আবেদন করলেও গতকালের পরীক্ষায় অংশ নেন ১১ জন। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে গতকাল সকাল ১০টার দিকে নিয়োগ কমিটির সভাপতি এম এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগে এ সংবাদ সম্মেলন করেন শাহজাহান মীরদাহ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান মীরদাহ অভিযোগ করে বলেন, এম এম মোশাররফ হোসেন দীর্ঘদিন ওই একাডেমির সভাপতির পদে দায়িত্ব পালন করায় স্বেচ্ছাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যদের মতামতের তোয়াক্কা না করে সভাপতি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। তাঁর স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের কারণে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ডুবতে বসেছে। এরই ধারাবাহিকতায় ২০ লাখ টাকা উৎকোচের বিনিময়ে প্রধান শিক্ষক পদে আজিজুল হক নামের অযোগ্য এক ব্যক্তিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আছাদুজ্জামান, উপজেলা পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ মোল্লা, বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।
এম এম মোশাররফ হোসেন বলেন, ‘যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যোগ্য বলেই নিয়োগ পেয়েছেন। এ নিয়োগে কোনো অনিয়ম হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যে অভিযোগ দিয়েছেন তিনি সেক্রেটারি। তাঁর কাজই হচ্ছে আমাকে অপদস্থ করা। এ জন্য তিনি এ অভিযোগ দিয়েছেন। এটা নোংরামি। এদের কাজ হচ্ছে আমাকে যেনতেনভাবে হেয় করা যায় কি না। এসব ভেবে কষ্ট লাগে।’
এ নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি বোয়ালমারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক হাওলাদার বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হয়েছে। যিনি প্রথম হয়েছেন তাঁকেই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত আজিজুল হক বলেন, ‘আমি কোনো টাকা দিইনি।’