জামালপুর সদর উপজেলার সিংহজানী বালিকা উচ্চবিদ্যালয়ের কার্যালয় ও প্রধান শিক্ষকের কক্ষে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে তালা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
এ কারণে গতকাল বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে। পরে বেলা দেড়টার দিকে তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন বেগমের চাকরির মেয়াদ শেষ হয়। এরপর জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষকের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু তিনি এখনো দায়িত্ব পালন করছেন। এ নিয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে গত বুধবার রাত নয়টার দিকে কমিটির সদস্যরা বিদ্যালয়ের কার্যালয় ও প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেন। এ কারণে গতকাল নবম ও দশম শ্রেণির মডেল স্টেট পরীক্ষা বাতিল হয়ে যায়। পরে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তালা খুলে দেন।
আব্দুর রউফ আকন্দ বলেন, পারভীন বেগম তাঁকে একটি চিঠি দিয়েছেন। এতে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শুধু গতকালের জন্য তাঁর কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, ‘৪ এপ্রিল ব্যবস্থাপনা কমিটি ও সব শিক্ষকদের সম্মতিক্রমে রেজল্যুশনের মাধ্যমে পারভীন বেগমকে অব্যাহতি ও আব্দুর রউফ আকন্দকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পারভীন বেগম দায়িত্ব ছাড়েননি। বিদ্যালয়ের সব প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখেন। বিষয়টি আমরা বলতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন। পরে অনেকটা বাধ্য হয়ে আমরা তালা লাগিয়েছিলাম। পরে খুলে দেওয়া হয়েছে।’
ব্যবস্থাপনা কমিটির সদস্য নাঈম রহমান বলেন, ‘পারভীন বেগম জোর করে আরও দুই বছর প্রধান শিক্ষক পদে থাকতে চান। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি আমাদের বিরুদ্ধে মামলার হুমকি দেন।’
প্রধান শিক্ষক পারভীন বেগম গতকাল বলেন, ‘আমার আরও দুই বছর চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। কিন্তু কিছু অনৈতিক দাবিদাওয়া না মানার কারণে তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তাঁরা অবৈধভাবে আমি দায়িত্বে থাকার পরও অন্যজনকে দায়িত্ব দেওয়ার পাঁয়তারা করছেন।’
এসব বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে ২০১১ সাল থেকে প্রধান শিক্ষক পদে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ করেছে সরকার।’