প্রধান শিক্ষক পদে নিয়োগ না পেয়ে কক্ষ ও মিলনায়তনে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক পদে নিয়োগ না পেয়ে পাঁচ দিন ধরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর নুরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষক মিলনায়তনে তালা দিয়ে রেখেছেন সহকারী প্রধান শিক্ষক। ফলে বিদ্যালয়ের ১৯ জন শিক্ষক কোথাও বসতে পারছেন না। নতুন প্রধান শিক্ষকও বিদ্যালয়ে যাচ্ছেন না। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা হয় ২ মার্চ। এতে সাতজন অংশ নেন। এর মধ্যে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকী ও সহকারী প্রধান শিক্ষক আবদুল আউয়াল পাটোয়ারীও ছিলেন। আউয়াল পাটোয়ারী ওই পরীক্ষায় তৃতীয় হন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ায় এ এস এম শেখ কামাল নামের একজনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়। গত শনিবার সকাল ১০টায় শেখ কামাল ওই পদে যোগদান করেন। ওই দিনই সন্ধ্যায় আউয়াল পাটোয়ারীর অনুসারীরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। এর পর থেকে গতকাল বুধবার পর্যন্ত ওই তালা আর খোলা হয়নি।
অভিযোগ রয়েছে, গত বছরের ১ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন আবদুল আউয়াল পাটোয়ারী। সে সময় দুবার নিয়োগ পরীক্ষা নিয়ে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের চার মাসের মধ্যে আউয়াল পাটোয়ারী প্রধান শিক্ষকের পদে নিয়োগ পাওয়ার চেষ্টা করতে থাকেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীদের দিয়ে তিনি বিদ্যালয়ে তালা দেন। এ কারণে বিদ্যালয়ে পাঁচ দিন ধরে সব ক্লাস হচ্ছে না।
এ ব্যাপারে আউয়াল পাটোয়ারী জানান, কারা তালা লাগিয়েছে, তা তিনি বলতে পারবেন না। তিনি বলেন, ‘আমি লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিল পাটোয়ারীর ছোট ভাই হওয়ায় আমাকে অনেকে সহ্য করতে পারেন না। তাই আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুন্নবী ভূঁইয়া অভিযোগ করেন, আউয়াল পাটোয়ারী প্রধান শিক্ষক পদে নিয়োগ না পেয়ে তাঁর অনুসারীদের দিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দিতে আমরা সুপারিশ করেছি। আর তালা ঝুলানোর বিষয়টি জানতে পেরে, তা ভেঙে ফেলতে বলা হয়েছে।’
ইউএনও মোস্তফা মোর্শেদ বলেন, ‘বিষয়টি আমি জানি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) এর সুরাহা হবে।’