যশোরের অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের মারামারি হয়েছে। গতকাল শনিবারের এ সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
এলাকার কয়েকজন বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এম লুৎফর রহমান ও কয়েকজন সদস্য গত ২৫ নভেম্বর গোপনে গঠন করা নিয়োগ বোর্ডের মাধ্যমে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পরীক্ষা নেন। তাঁরা একজন বিতর্কিত ব্যক্তিকে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেন। এ ঘটনায় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য সবুর উদ্দীন মোল্যা গত বৃহস্পতিবার আদালতে মামলা করেন। আদালত পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নির্দেশ দেন। এরপর গতকাল শনিবার ওই নিয়োগ অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়। গতকাল সকাল ১০টার দিকে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে পরিচালনা পর্ষদের সদস্যদের অনুরোধ করেন। কিন্তু তাঁরা নিয়োগ অনুমোদনে অনড় থাকেন। একপর্যায়ে উপস্থিত নারী-পুরুষেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সঙ্গে তাঁদের গন্ডগোল বাধে। এতে পরিচালনা পর্ষদের দুজন সদস্যসহ ছয়জন আহতহন। এলাকাবাসী পরিচালনা পর্ষদের সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণার পর অবরোধ তোলা হয়।
পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শেখ নূর আলম অভিযোগ করেন, ‘সভাপতি ও কয়েকজন সদস্য অনিয়ম ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গোপনে যশোরে নিয়ে একজনকে নিয়োগ দিয়ে এসেছেন। আমরা এ ব্যাপারে কিছুই জানি না। গতকাল এলাকাবাসীর ওপর চড়াও হয়ে সভাপতি, তাঁর ছেলে, ভগ্নিপতি ও ভাগনেরা কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমি ও পরিচালনা পর্ষদের আরেকজন সদস্য আহত হই।’
বিদ্যোৎসাহী সদস্য সবুর উদ্দীন মোল্যা বলেন, ‘প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে আদালতে মামলা করেছি। কিন্তু সভাপতি ও কয়েকজন সদস্য আদালতের নির্দেশনা মানেন না। সভাপতির ছেলে ও কয়েকজন আত্মীয় মিটিং চলাকালে ঢুকে আমাদের কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমিও আহত হয়েছি।’
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনেশ কান্তি মল্লিক বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় আদালতের একটি আদেশ আমরা পেয়েছি। কিন্তু আদালত থেকে অফিশিয়াল কোনো নির্দেশনা এখনো পাইনি। গতকাল দুই পক্ষেই ধাক্কাধাক্কি হয়েছে।’
পরিচালনা পর্ষদের সভাপতি এম এম লুৎফর রহমান বলেন, ‘একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার রেজাল্ট তো মানতে হবে। আমরা বহুবার মিউচুয়ালের প্রস্তাব দিয়েছি। কিন্তু তাঁরা তা মানেননি। ম্যানেজিং কমিটির দুজন সদস্যের ইঙ্গিতে বহিরাগত এক-দুই শ লোক আমাকে আক্রমণ করে। তাঁরা আমাকে, আমার ছেলেকে ও ভগ্নিপতিকে মেরেছেন। নিয়োগ নিয়ে তাঁরা কোর্টে কেস করেছেন। কোর্ট কোনো অর্ডার দেয়নি।’
ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই এস এম আলিফ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টি সুরাহা করার জন্য আমি উভয় পক্ষকে বলে এসেছি।’