প্রধান শিক্ষক লাঞ্ছিত কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটেছে।
এদিকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে কাহালু থানায় একটি মামলা করেছেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই প্রধান শিক্ষক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। দৈনন্দিন পাঠদান শেষে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী কোচিংয়ের ব্যবস্থা করেন তিনি।
গত মাসে ছুটির দিনে বিশেষ কোচিং করার কথা বলে তিনি পাশের গ্রামের এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে আনেন। ওই দিন অন্যরা না থাকায় তিনি ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন।
বিষয়টি পরে মেয়েটি তার বাবা-মাকে জানায়। মেয়ের বাবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে এ বিষয়ে অভিযোগ করেন। সভাপতি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘গত সোমবার অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করার আগেই দুর্ঘটনা ঘটে গেল।’
অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, বিদ্যালয়ের জায়গা নিয়ে বিরোধের কারণে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।