প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষকদের কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কিছু উচ্ছৃঙ্খল যুবক। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গেও অশোভন আচরণ করেছেন তাঁরা। একপর্যায়ে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের কক্ষে ভাঙচুর চালান যুবকেরা। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন নথি ও কাগজপত্র তছনছ করেন তাঁরা।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটেছে বলে শিক্ষকেরা ধারণা করছেন। ২৮ মার্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে।

হামলা-ভাঙচুরের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারীদের কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ থেকে ১৫ জন যুবক গতকাল বেলা ১১টার দিকে আকস্মিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হইচই শুরু করেন। এ সময় যুবকেরা প্রধান শিক্ষককে লক্ষ্য করে চায়ের কাপ ছুড়ে মারেন। যুবকদের কয়েকজন পাশের কক্ষে ঢোকেন। সেখানে অন্য শিক্ষকেরা ছিলেন। এই কক্ষে শিক্ষার্থীদের ক্রিকেট ব্যাট ও স্টাম্প ছিল। স্টাম্প দিয়ে তাঁরা আলমারির কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে সেখান থেক প্রধান শিক্ষকের কক্ষে তাদের কয়েকজন ভাঙচুর চালান। হামলাকারী যুবকেরা অফিসকক্ষের বিভিন্ন কাগজপত্র ছিঁড়ে ফেলেন। বেশ কিছু নথি নিয়ে যান যুবকেরা।

প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ স্থানীয় যুবক মামুন, আমজাদ, পলাশসহ ১৪ থেকে ১৫ জন যুবক তাঁর কক্ষে ঢুকে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর শুরু করেন। যুবকেরা যখন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে ভাঙচুর শুরু করেন। যাওয়ার সময় যুবকেরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-সংক্রান্ত সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।

এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি আবদুল্লা আল-মামুন বলেন, নির্বাচন বন্ধ করার জন্যই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা খুবই দুঃখজনক। প্রধান শিক্ষককে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।