প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
মাহফুজা বেগম বলেন, তাঁতখানা প্রাথমিক বিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা নিয়ে সরকারি বই বিতরণ করার অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনরুল হককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান এবং ১ জানুয়ারি বই উৎসবের দিন বই বিতরণ না করার প্রমাণ পান। এর ভিত্তিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রইস উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে। এ আহ্বায়ক কমিটি নতুন পরিচালনা কমিটি গঠন করবে।
মাহফুজা বেগম আরও বলেন, বন্দর উপজেলার সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে অভিযোগ পেয়ে সেখানে তদন্ত কমিটি পাঠানো হয়েছে। আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুলিপি জেলার পাঁচ উপজেলার সব শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সতর্কতা হিসেবে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, অন্য কোনো বিদ্যালয়ের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।