প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার বদলির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের এক নেতা এক প্রধান শিক্ষককে বদলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে গতকাল রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সারমিন সুলতানা শামিমা নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে গত ১১ আগস্ট দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে নাজিরপুর ইউনিয়নের দক্ষিণ ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ওই ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১৪ আগস্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের এক সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন।
প্রধান শিক্ষক সারমিন বলেন, ওই সভায় অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম সভায় যোগ দেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাঁকে উদ্দেশ করে অশালীন ভাষায় অনেক কথাবার্তা বলেন।
ওই সভায় উপস্থিত কয়েকজন প্রধান শিক্ষক বিষয়টি তাঁকে জানান। এ ঘটনার পর তিনি ভয়ে ও আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না।
মো. ইব্রাহিম ফারুক বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। প্রস্তুতি সভায় শিক্ষক সারমিন সুলতানা উপস্থিত ছিলেন না। কাজেই হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গ লাল রায় বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারমিন সুলতানা হুমকির বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আতাউর রহমানকে জানিয়েছেন। তাঁরা লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।