বিদ্যালয় ভবনে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা সময়মতো কেন কর্তৃপক্ষকে জানানো হয়নি, তা জানাতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গত বুধবার ওই নির্দেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামিকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে ৬ মার্চ সকালে এক বৃদ্ধ পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন। প্রধান শিক্ষক সারা দিন ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে ওই দিন রাতে মুঠোফোনে বিষয়টি জানান। এ ব্যাপারে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। পরে নির্যাতিত ছাত্রীর বাবা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেন। এ ব্যাপারে প্রথম আলোয় ৯ মার্চ ‘বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরের সূত্র ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম বুধবার ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠান।
নোটিশটি গতকাল বৃহস্পতিবার প্রধান শিক্ষক হাতে পান। নোটিশে ছাত্রী লাঞ্ছনার ঘটনাটি কেন শিক্ষা কর্মকর্তাকে সময়মতো জানানো হয়নি, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ফাইজুল বলেন, ‘ঘটনাটি প্রধান শিক্ষকের তাৎক্ষণিক আমাকে জানানো উচিত ছিল। তিনি তা না করে বিলম্বে ওই দিন রাতে মুঠোফোনে জানিয়েছেন। এতে ঘটনার ব্যাপারে পদক্ষেপ নিতে বিলম্ব হয়েছে। অভিভাবকেরাও অসন্তুষ্ট হয়েছেন। প্রধান শিক্ষকের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রধান শিক্ষক বলেন, তিনি ঘটনার দিন প্রশাসনিক কাজে উপজেলা সদরে ছিলেন। খবর পেয়ে বিদ্যালয়ে আসতে কিছুটা দেরি হয়েছে। পরে সবকিছু জেনে ওই দিন সন্ধ্যায় তিনি শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে তাঁর কোনো অবহেলা ছিল না।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।