প্রধান শিক্ষককে জুতাপেটার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে এবং আতাউজ্জামান রঞ্জুর শাস্তি ও অপসারণের দাবিতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলটির তহবিলে থাকা দেড় লাখ টাকা বেশ কয়েক দিন থেকে ধার হিসেবে চেয়েছিলেন কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানিয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি সমাধানের পরামর্শ দেন। গতকাল সকালে প্রধান শিক্ষককে জরুরি সভা ডাকার পরামর্শ দেন সভাপতি। বিকেলে সভার আয়োজন করা হয়। সভায় আতাউজ্জামান রঞ্জুর চাপে উপস্থিত সবাই একপর্যায়ে ৫০ হাজার টাকা ধার দেওয়ার বিষয়ে একমত হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। এ সময় উত্তেজিত হয়ে রেজ্যুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন আতাউজ্জামান। একপর্যায়ে নিজের পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষককে পেটাতে থাকেন তিনি। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিও দেন প্রধান শিক্ষককে।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘স্কুলের তহবিলে থাকা দেড় লাখ টাকা ধারের ব্যাপারে আতাউজ্জামানের কথায় রাজি না হয়ে কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলি। গতকালের সভায় তাঁকে ৫০ হাজার টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রেজ্যুলেশন বই ছেঁড়ার পাশাপাশি আমাকে স্যান্ডেল খুলে এলোপাতাড়ি পিটিয়েছেন। পরে সভায় উপস্থিত অন্যরা রক্ষা করেন।’ বর্তমানে তাঁকে নানাভাবে এ ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউজ্জামান শিক্ষককে জুতাপেটা করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলের হিসাব-নিকাশ নিয়ে রোববারের মিটিংয়ে প্রধান শিক্ষকের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে মাত্র।’ এ ব্যাপারে তিনি আর কিছু বলতে রাজি হননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীনুর আলম বলেন, ঘটনা জানার পর ওই প্রধান শিক্ষককে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস এম মোসলেম উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বিকেলে ঘটনাটি জানালে, তাঁকে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সুরাহা করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কাজ না হলে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণসহ শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।