আওয়ামী লীগের কয়েকজন কর্মী রাজশাহীর বাগমারা উপজেলার বাগান্না উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন। তাঁদের পছন্দের ব্যক্তিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি না করায় গতকাল রোববার এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছান। এ সময় বাগান্না গ্রামের মুরাদ হোসেন, নান্টুসহ কয়েকজন তাঁকে ভেতরে প্রবেশে বাধা দেন। চলে যেতে চাইলে তাঁকে ধাওয়া করে ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। আশপাশের লোকজন ছুটে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন কিছুদিন আগে মারা যান। এরপর নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের মধ্য থেকে নবাব আলী নামের একজনকে সভাপতি করা হয়। তবে আগের সভাপতির এক ভাতিজাকে সভাপতি করার জন্য তাঁর অনুসারীরা চাপ দিয়ে আসছিলেন। তিনি মেয়াদ শেষ হওয়ার পর কমিটি গঠনের আশ্বাস দেন। এ নিয়ে গতকাল বিকেলে সভা আহ্বান করেন। কিন্তু এর আগেই তাঁর ওপর এই হামলা হয়।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও মুরাদ ও নান্টুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে আওয়ামী লীগের বড়বিহানালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী বলেন, হামলাকারীরা সন্ত্রাসী। তাঁদের কোনো দল নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, একজন শিক্ষককে যেভাবে পেটানো হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এর আগে হামলার আশঙ্কায় প্রধান শিক্ষক বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।