নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে একদল যুবক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম খোরশেদ আলম। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খোরশেদ আলম উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২৫ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের দিন ধার্য রয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। যুবলীগের স্থানীয় কর্মী পরিচয়েনুরুল ইসলাম, জিয়াউর রহমান, শাহজালালসহ ১০/১২ জন যুবক গতকাল দুপুরে বিদ্যালয়ে আসেন। তাঁরা অভিভাবকদের একটি পক্ষের হয়ে নির্বাচন বন্ধ রাখার দাবি জানান। একপর্যায়ে তাঁরা তাঁকে (প্রধান শিক্ষক) পিটিয়ে আহত করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।
প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন বন্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম ও জিয়াউর রহমান। তাঁরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি পক্ষের হয়ে কাজ করছেন। এ কারণে এলাকাবাসী তাঁর ওপর ক্ষুব্ধ রয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বলেন, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।