প্রধান শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান!
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিহির কুমার মণ্ডলের বিরুদ্ধে এক স্কুলের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষক হলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার মণ্ডল।
প্রধান শিক্ষকের ভাষ্য, আজ শনিবার সকালে কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ী খেয়াঘাট এলাকায় ডিপো থেকে মাছ কিনতে যান তিনি। তখন চেয়ারম্যানের শ্যালক শিবপদ মৃধা লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে চেয়ারম্যানও এসে বুকে বেশ কয়েকটি লাথি দিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। আমাদের এখানে এক্স-রে মেশিন না থাকায় তাঁকে খুলনা মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।’
আহতের স্ত্রী শিবানী মণ্ডলের ভাষ্য, ‘ইউপি নির্বাচনে আশীষ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পাওয়ায় তিনি নির্বাচন করেননি। তাঁর সঙ্গে মিহিরের কোনো কলহ নেই। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এই আক্রমণ করা হয়েছে।’
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু সে সময় ঘটনাস্থলে কেউ ছিল না। এ ঘটনায় কেউ মামলা করেননি।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিহির কুমার মণ্ডলের ভাষ্য, ‘আশীষ আমার কাকাতো ভাই, পারিবারিক কলহের কারণে সামান্য হাতাহাতি হয়েছে, এটা বড় কোনো বিষয় নয়।’
এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অচিন্ত্য কুমার মণ্ডল।