প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে শাখা শিক্ষক নিয়োগের জন্য সভাপতি ইব্রাহীম আলী দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক দয়ারাম চন্দ্র সাহাকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু শাখা শিক্ষক নিয়োগের সরকারি অনুমোদন না থাকায় প্রধান শিক্ষক নিয়োগে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় শনিবার বিকেলে স্কুল চলাকালে ইব্রাহীম আলী চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে আবারও প্রধান শিক্ষককে চাপ দেন। এ সময় প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করলে সবার সামনে সভাপতি ইব্রাহীম আলী প্রধান শিক্ষককে চড়থাপ্পর ও কিলঘুষি মারেন। এ ঘটনায় শনিবার রাতে প্রধান শিক্ষক দয়ারাম চন্দ্র সাহা সভাপতি ইব্রাহীমসহ আরও চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুঠোফোনে প্রধান শিক্ষক দয়ারাম সাহা অভিযোগ করে বলেন, ‘বিধিবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ না দেওয়ায় সভাপতি সবার সামনে আমাকে মারপিট করেছেন।’
ইব্রাহীম আলী দাবি করেন, স্কুলে খাওয়াদাওয়া-সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়ে কথা-কাটাকাটি হয়েছে। মারপিটের কোনো ঘটনা ঘটেনি।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহিল জামান জানান, তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।