প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এন এম উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়নি। এ ছাড়া প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
থানা-পুলিশ ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় বিদ্যালয়ের তালা, অফিসকক্ষ ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ গত ৩১ আগস্ট পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিদ্যালয়ের একজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল সকালে প্রধান শিক্ষক গোলাম মওলা বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে তিনি ফিরে আসতে বাধ্য হন। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে টাকা আত্মসাতের বিষয়ে দোষী ব্যক্তিদের শাস্তি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
প্রধান শিক্ষক মো. গোলাম মওলা বলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিক্ষার্থীদের প্ররোচিত করে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মামলার আসামি নজরুল ইসলামকে গতকাল মঙ্গলবার বিকেলে সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।