প্রধান শিক্ষককে বেদম মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার টি-করগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মোল্লাকে (৫৮) বেদম মারধর করেছে এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের অফিসে এ ঘটনা ঘটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডের পাঁচ নম্বর বেডে শুয়ে আছেন আসাদুজ্জামান মোল্লা। ব্যথায় কাতরাচ্ছেন। তিনি জানান, তেলকাড়া গ্রামের শামীমুর রহমান উকিল (৩৫) তাঁর ওপর এ হামলা চালায়। তিনি বলেন, এ বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পেতে ওই ব্যক্তির অন্য জায়গায় তিন লাখ টাকা খরচ হয়েছে উল্লেখ করে তাঁর কাছে ওই টাকা দাবি করে। এ সময় শামীমুর ও তার স্ত্রী লতিফা বেগম তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও বেদম মারধর করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে অফিস কক্ষ থেকে শামীমুর প্রধান শিক্ষককে টেনেহিঁচড়ে কিলঘুষি মারতে মারতে বাইরে নিয়ে আসে। এরপর বিদ্যালয়প্রাঙ্গণে ফেলে তাঁকে লাথি মারতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করা হয়। বাধা দেওয়ায় সহকারী শিক্ষিকা লিপিকা রশিদ ও নাজমা খানমকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। এলাকার লোকজন এলে ওই সন্ত্রাসী চলে যায়।’