প্রধান শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান মারধরের শিকার হয়ে এখন হাসপাতালে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক মোল্লা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত প্রধান শিক্ষককে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বলেন, কামরুজ্জামানের নাক ও মাথায় বেশি আঘাত। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।

লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে বৈশাখী আয়োজনের জন্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বর সাজাচ্ছিল। তাদের টাকা দিতে হবে—এ কথা বলে আবদুর রাজ্জাক মোল্লা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। আমি বলেছি, এভাবে টাকা দেওয়া যাবে না। টাকা সংশ্লিষ্ট উপকমিটির মাধ্যমে দেব। তিনি জোর করার পরও তাঁকে টাকা না দেওয়ায় তিনি আমাকে বেধড়ক মারধর করেন।’

প্রধান শিক্ষক অভিযোগ করেন, আবদুর রাজ্জাক প্রায়ই বিভিন্ন কারণ দেখিয়ে বিদ্যালয় থেকে টাকা দাবি করেন। তাঁকে টাকা দিতে হয়। গায়ের জোরে বিদ্যালয় কুক্ষিগত করে রেখেছেন তিনি।

প্রত্যক্ষদর্শী দপ্তরি মুজিবর রহমান বলেন, ‘টাকা না দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের মধ্যে আবদুর রাজ্জাক প্রধান শিক্ষককে মারধর করতে থাকলে শিক্ষক ধ্রুবপদ দাস ও আমি ঠেকিয়েছি।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের আরেক সদস্য মোল্লা বাবুল হোসেন প্রথম আলোকে বলেন, আবদুর রাজ্জাক সব সময় বিদ্যালয়ে পড়ে থাকেন এবং এভাবে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবি করে থাকেন।

যোগাযোগ করা হলে আবদুর রাজ্জাক মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘এর আগে কখনো টাকা দাবি করেছি, এটি সঠিক নয়। বৈশাখী আয়োজনে ছাত্রছাত্রীরা কক্ষ সাজাচ্ছিল, তাদের দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে টাকা চেয়েছিলাম। তিনি রাগান্বিত হওয়ায় হাতাহাতি হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান বলেন, কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্তের স্থান আওয়ামী লীগে নেই। প্রধান শিক্ষকের পক্ষে দলের পক্ষ থেকে প্রশাসনিক সহায়তা করা হবে। সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলম জানান, আবদুর রাজ্জাক মোল্লা কোটাকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিকেলে জানান, হাসপাতালে ওই শিক্ষককে দেখতে গিয়েছিলাম। থানায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন, দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।