প্রধান শিক্ষককে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নওগাঁর মহাদেবপুর উপজেলার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে রাইগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক গতকাল শনিবার এ মামলাটি করেন।
প্রধান শিক্ষক শিল্পী রানী বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১১ সদস্যের প্রত্যক্ষ ভোটে ৮ সেপ্টেম্বর কমিটির সভাপতি নির্বাচিত হন। তিন ভোটের ব্যবধানে আবদুর রাজ্জাক পরাজিত হন। ওই দিনই ফোনে চেয়ারম্যান তাঁকে দেখে নেবেন বলে হুমকি দেন। এর জের ধরে ১২ সেপ্টেম্বর দুপুরে চেয়ারম্যান মঞ্জুর আলম ও খলসাকুড়ি গ্রামের আবু মুসা মাতাজী হাটে শিল্পী রানীর পথ রোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সাত বছরের ছেলে ও স্বামী রাশেদুল ইসলাম আহত হন। ঘটনার পর সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ করলেও থানা সেই অভিযোগ নেয়নি। অবশেষে গতকাল এটা ফৌজদারি মামলা হিসেবে নেওয়া হয়েছে। চেয়ারম্যান মঞ্জুর আলম গতকাল বিকেলে বলেন, মারধরের ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হয়েছে মাত্র।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধায় আ.লীগ ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব
ভিজিএফের চাল পায়নি দেড় হাজার পরিবার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের দেড় হাজার গরিব পরিবার ঈদের আগে বিশেষ বরাদ্দের (ভিজিএফ) চাল পায়নি। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে তালিকা অনুমোদন দেওয়া হচ্ছে না।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প কার্যালয় থেকে ঈদে গরিব ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করতে টংভাঙ্গা ইউপির কাছে দেড় হাজার গরিব ও দুস্থ পরিবারের তালিকা চাওয়া হয়। সে অনুযায়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দেওয়া হয়। কিন্তু ওই তালিকা শেষ পর্যন্ত অনুমোদন দেয়নি উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ইউনিয়ন পরিষদের দেওয়া তালিকা নিয়ে আপত্তি ওঠায় তা এখনো অনুমোদন দেওয়া হয়নি।
ইউপি সূত্র জানায়, ভিজিএফের চাল বিতরণে পরিষদের দেওয়া তালিকার পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও একটি তালিকা জমা দেন পিআইও কার্যালয়ে। তালিকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এখনো চাল বিতরণ করা যাচ্ছে না।
আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান আতিয়ার রহমান প্রায় দুই যুগ ধরে টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কিন্তু চলতি বছরে হওয়া ইউপি নির্বাচনের আগে জাতীয় পার্টির সাবেক নেতা ও তৎকালীন ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন আওয়ামী লীগে যোগ দেন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নও পান। তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে আতিয়ার নির্বাচন করেন। আতিয়ারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। নির্বাচনে আতিয়ার চেয়ারম্যান পদে জয়লাভ করেন। সে কারণে এই দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়।
আতিয়ার রহমান বলেন, নিয়মানুযায়ী তালিকা প্রস্তুত করে ৯ সেপ্টেম্বর উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। ওই তালিকা অনুমোদন না পাওয়ায় ভিজিএফের বরাদ্দ তোলা যাচ্ছে না।
সেলিম হোসেন মুঠোফোনে বলেন, তিনি ওই কমিটির সদস্য নন। ইউপি সদস্যরা বিধি মোতাবেক তালিকা না হওয়ার অভিযোগ করেছেন। তাই চাল বিতরণ করা যাচ্ছে না।
হাতীবান্ধার দায়িত্বে থাকা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কতুবুল আলম বলেন, টংভাঙ্গা ইউনিয়নের ভিজিএফের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় ঈদের আগে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে কিছুদিনের মধ্যে উপজেলা সমন্বয় কমিটির বৈঠকে আলোচনা করে চাল বিতরণ করা হবে।
সম্পত্তি ভাগাভাগি নিয়ে অবরুদ্ধ একটি পরিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে একটি পরিবারকে গ্রাম্য সালিসকারীরা অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের কর্তা ঈদের নামাজ পড়তে এবং কোরবানিও দিতে পারেননি। ওই পরিবারের বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে। অবরুদ্ধ পরিবারের সদস্যরা ও গ্রামবাসী বলেন, ওই গ্রামের মো. হযরত আলী (৭০) তাঁর বসতবাড়ি ও ফসলি জমি দুই মেয়ের মধ্যে ভাগ করে দেন। তিনি ছোট মেয়ে আম্বিয়া খাতুনকে বড় মেয়ে রাবেয়া খাতুনের চেয়ে বেশি পরিমাণ জমি লিখে দেন। বিষয়টি নিয়ে বড় জামাতা আবদুর রাজ্জাক গ্রাম্য সালিসকারীদের কাছে অভিযোগ করেন।
গত সোমবার (ঈদুল আজহার আগের দিন) ওই গ্রামের মোহাম্মদ আলী, আবুল কালাম, আবদুর রশিদের নেতৃত্বে গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে বিষয়টি মীমাংসা না হওয়ায় গ্রাম্য প্রধানেরা হযরত আলী ও তাঁর পরিবারকে অবরুদ্ধ করেন। এ কারণে তিনি ঈদুল আজহার নামাজ পড়তে যেতে পারেননি এবং কোরবানিও দেননি। গতকাল শনিবার তাঁর বাড়ির চারপাশ বাঁশ ও কঞ্চি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
এ বিষয়ে হযরত আলী বলেন, বর্তমানে ছোট মেয়ে আম্বিয়া তাঁদের ভরণপোষণ করছেন। ছোট মেয়ের সঙ্গেই তাঁরা স্বামী-স্ত্রী থাকেন। সে কারণে আম্বিয়াকে একটু বেশি সম্পত্তি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে তাঁর বড় জামাতা আবদুর রাজ্জাক গ্রাম্য সালিসের নামে তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন।
হযরত আলী অভিযোগ করেন, তিনি প্রশাসনকে জানাবেন এমন সুযোগও নেই। গ্রাম্য সালিসকারীরা এ এলাকায় প্রভাবশালী। গ্রামের লোকজনকেও তাঁদের সঙ্গে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।
সালিসকারী মোহাম্মদ আলী বলেন, দুই মেয়েকে সমান ভাগে জমি লিখে না দেওয়ায় হযরত আলীকে অবরুদ্ধ করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামে এ শাস্তির প্রচলন আছে।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাউসজ্জামান বলেন, বিষয়টি জানার পর উভয় পক্ষকে তিনি ডেকেছিলেন। কিন্তু তাঁরা আসেননি। সালিস বৈঠকে প্রধানদের এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তাড়াশ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে কোনো অভিযোগ আসেনি। সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাঁথিয়ায় গৃহবধূ, সুন্দরগঞ্জে শিশু খুন
বেড়া (পাবনা) ও গাইবান্ধা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলায় গত শুক্রবার এক গৃহবধূকে পুড়িয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। এদিকে গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া দুজন হলো সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বাউশগাড়ী গ্রামের তাজরীণ (২৮) এবং সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সিয়াম মিয়া।
সাঁথিয়া থানার পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সাঁথিয়ার বাউশগাড়ী গ্রামের আলমগীরের সঙ্গে পাশের ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামের আবদুল ওহাব প্রামাণিকের মেয়ে তাজরীণের বিয়ে হয়। বছর খানেক আগে আলমগীর নিজ গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে আলমগীর ও তাজরীণের মধ্যে কলহ চলছিল।
তাজরীণের বাবার বাড়ির এক সদস্য অভিযোগ করেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আলমগীর ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই আবদুল হামিদ তাজরীণকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেন।
পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুড়িয়ে ও শ্বাসরোধ করে তাজরীণকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহত নারীর ভাই সবুজ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
অপরদিকে নবাবগঞ্জ গ্রামে বাড়ির পাশের এক ডোবায় সিয়ামের লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন সিয়ামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ শিশুর বাবা স্বপন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় এ নিয়ে মামলা হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, স্বপন মিয়া ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মধ্যে অনেক ঝগড়া হতো। দাম্পত্য কলহের জের ধরে গতকাল দুপুরে স্বপন মিয়া সিয়ামকে হত্যা করতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এবার ঢাকায় ফিরতে ভোগান্তি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ঈদ শেষে ঢাকায় ফিরতেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শত শত মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসের সংখ্যা কম থাকায় অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন। আবার বাস না পেয়ে অনেকে ট্রাক ও পিকআপ ভ্যানে উঠে পড়ছেন।
গতকাল শনিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকায় ফেরার জন্য শত শত মানুষ অপেক্ষা করছেন। কিন্তু বাস সেই তুলনায় নেই। উপজেলার এ বাসস্ট্যান্ড থেকে রায়গঞ্জ উপজেলা এবং পাশের বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলার হাজারো মানুষ ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।
বেশ কয়েকজন বলেন়, আজ রোববার থেকে অফিস পুরোদমে শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে যাবে। তাই যেভাবেই হোক ঢাকায় যেতে হবে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফুল ইসলাম বলেন, ভোর থেকে এখানে বসে আছি। কোনো বাসেই উঠতে পারিনি।
বাসস্ট্যান্ডে তিনটি লোকাল বাসের সুপারভাইজার বলেন, ঈদের এ মৌসুমে বেশি মানুষ আসা-যাওয়া করে। এসব গাড়িতে চান্দাইকোনা থেকে ঢাকার গাবতলী পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
সাভারে ব্যবসায়ী গুলিবিদ্ধ
এনাম মেডিকেলের পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে মোহাম্মদ লিটন নামের এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। জেলা ডিবির এএসআই এনায়েত হোসেন গত শুক্রবার সাভার মডেল থানায় মামলাটি করেন।
মামলায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম, সাভার সিটি সেন্টারের সিনহা কালেকশনের মালিক সোহেল রানা, বাড়ির মালিক পারভেজসহ (যে বাসায় গুলির ঘটনা ঘটে) ছয়জনকে আসামি করা হয়েছে। সিটি সেন্টারে তৈরি পোশাকের দোকান রয়েছে মোহাম্মদ লিটনের।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার পারভেজের বাড়িতে জুয়ার আসরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহেল রানা লিটনকে গুলি করেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়।
পারুলের আমানতের টাকা গেল কোথায়?
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ডাকঘরে পারুল আক্তার নামের এক নারীর স্থায়ী আমানতের হদিস মিলছে না। পারুল আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল সরকারপাড়া গ্রামে। তিনি নাটোরে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। তিনি সেখানেই বসবাস করছেন।
পারুল আক্তারের অভিযোগ, ২০১১ সালে আক্কেলপুর উপজেলা ডাকঘরে তিন বছর মেয়াদি এক লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডি) করেন, যার হিসাব নম্বর ৭৭৫০। গত বছরের ১৪ মে আমানতের টাকা তুলতে গেলে পোস্টমাস্টার হাফিজার রহমান তাঁকে ১ লাখ ৩৪ হাজার টাকা পাওয়ার কথা জানান। এ সময় হাফিজার রহমান ও পিয়ন তোজাম্মেল লাভের হার বৃদ্ধি করার কথা বলে তাঁকে আবার পুরো টাকা এফডি করতে অনুরোধ করেন। তিনি এতে রাজি হন। এ সময় হাফিজার রহমান দুটি ফরম দিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন। তিনি স্বাক্ষর করে দেন। ৫ সেপ্টেম্বর পারুল ওই টাকা তুলতে গেলে বর্তমান পোস্টমাস্টার রবীন্দ্রনাথ বর্মণ জানান, তাঁর নামে কোনো আমানতের হিসাব নেই।
উপজেলা ডাকঘর সূত্র জানায়, হাফিজার রহমান গত বছরের ২২ জুন অন্যত্র বদলি হয়ে যান। এরপর পিয়ন তোজাম্মেল হোসেনও বদলি হন। হাফিজার রহমান তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় প্রায় ৪১ লাখ টাকা জালিয়াতির ঘটনা ধরে পড়েছিল। সেই সময় হাফিজার রহমান ১০-১২ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে সময় চেয়েছিলেন।
রবীন্দ্রনাথ বর্মণ প্রথম আলোকে জানান, তিনি দায়িত্ব বুঝে নেওয়ার সময় হাফিজার রহমানের একাধিক জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়। তখন হাফিজার রহমান গ্রাহকদের সঙ্গে সমঝোতা করেছিলেন। পরে হাফিজার কয়েকজনকে টাকা ফেরত দিয়েছিলেন বলে শুনেছেন।
আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, হাফিজার রহমান গ্রাহকদের কাছে টাকা নিয়ে জমা দেননি। সেই সময় কয়েকজন গ্রাহক তাঁর কাছে অভিযোগ করেছিলেন।
হাফিজার রহমানের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্যে জানা সম্ভব হয়নি।
ক্ষেতলাল ডাকঘরে কর্মরত পিয়ন তোজাম্মেল হোসেন বলেন, হাফিজার রহমান কয়েকজনকে টাকা ফেরত দিয়েছিলেন। এসব ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না দাবি করে তিনি বলেন, পারুল আক্তারের আমানতের বিষয়ে তাঁর কিছুই জানা নেই।
শিয়ালের কামড়ে আড়াইহাজারে ১৫ জন আহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বৃহস্পতি ও শুক্রবার শিয়ালের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর, পাঁচানী ও ডোমারচর গ্রামের মানুষের মধ্যে শিয়াল-আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় খাগকান্দা ইউনিয়নের মেঘনা নদীর তীরঘেঁষা মোহনপুর, পাঁচানী ও ডোমারচর গ্রামে শিয়ালের আক্রমণে ১৫ জন আহত হন। এই দুদিন ওই তিনটি গ্রামের কয়েকটি বাড়ি ও রাস্তায় একাধিক শিয়াল লোকজনকে কামড়ে আহত করে। এর মধ্যে মোহনপুর গ্রামের হৃদয় (১৬), আক্তার বেগম, বারেক (৫০), ডোমারচর গ্রামের শহিদুল্যাহ (৪৫), রাসেল (২২), মহিমা বেগম (৪৮) এবং পাঁচানী গ্রামের আলাউদ্দিনকে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ঘটনার পর থেকে তিন গ্রামে শিয়াল-আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে শিয়ালের ভয়ে শিশু, নারীসহ লোকজন ঘর থেকে বের হচ্ছে না। লোকজনকে লাঠিসোঁটা নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে।
খাগকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন শিয়ালগুলোকে নিধন করার চেষ্টা করছে।
বেড়ার হুরাসাগরের পারে সাগরের আমেজ
বেড়া (পাবনা) প্রতিনিধি
বর্ষায় হুরাসাগর নদ ফুলে-ফেঁপে অনেকটা সাগরের আমেজ সৃষ্টি করে। পাবনার বেড়া পৌরসভার পোর্ট নামক স্থানে হুরাসাগরপারে দাঁড়ালে যে-কারোরই মন আনন্দে ভরে ওঠে। এই আনন্দ আরও বেড়ে যায় ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে নদের বুকে ঘুরে বেড়ানোয়। তাই পুরো বর্ষায় ওই স্থানে ভিড় লেগে থাকে। আর কোনো উৎসব এলে তো কথাই নেই।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী জানান, বেড়া নৌবন্দর পুনরুজ্জীবিত প্রকল্পের আওতায় ২০০৬ সালে পাউবো বেড়া পৌর এলাকার ডাকবাংলোর পাশে নৌঘাট নির্মাণ করে। হুরাসাগরপারে জেলা বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন নৌঘাটটি লম্বায় ২৭৫ মিটার। এর দুই পাশ ১০০ মিটার করে নদের দিকে বাড়ানো। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোটা অংশ সিঁড়ির মতো ধাপে ধাপে বাঁধানো। নানা জটিলতার মুখে একপর্যায়ে পাউবো নৌবন্দর পুনরুজ্জীবিত প্রকল্পটি বাতিল করে। এর ফলে বাঁধানো ঘাটের অংশ ওভাবেই পড়ে থাকে। ভালো যোগাযোগব্যবস্থার কারণে একপর্যায়ে ওই এলাকা মানুষের কাছে ভ্রমণের আদর্শ জায়গা হিসেবে গড়ে ওঠে। সবার কাছে জায়গাটির নাম পোর্ট বলে পরিচিতি পায়।
শুধু বেড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষ, এমনকি পাবনা ও সিরাজগঞ্জ শহরের মানুষও প্রতিদিন পোর্টে বেড়াতে আসে। ঈদুল আজহা উপলক্ষে মানুষের ভিড় এবার ব্যাপক বেড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে দূর-দূরান্ত থেকে অনেকেই মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে পোর্টে বেড়াতে এসেছেন। কেউবা এসেছেন ব্যাটারিচালিত রিকশা অথবা অটোভ্যানে চড়ে। পোর্ট এলাকায় বাঁধের সড়কের ওপর মেলার মতো পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের অসংখ্য দোকান বসেছে।
বাঁধানো ঘাটজুড়ে ৪০ থেকে ৫০টি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পাওয়া যায়। বেড়াতে আসা লোকজন সেগুলো ঘণ্টা হিসাবে চুক্তি করে হুরাসাগর নদের আশপাশে বেড়াতে যাচ্ছেন।
একটি নৌকার মাঝি মোজাম আলী বলেন, ‘এমনিতে আমরা প্রতি ঘণ্টার জন্য দেড় থেকে দুই শ টাকা নিই। কিন্তু ঈদের জন্য কিছুটা বেশি নিচ্ছি। বেশির ভাগ ক্ষেত্রেই লোকজন হুরাসাগরের উল্টো পারে গ্রামের ভেতরে নৌকায় বেড়াতে যায়। কেউ কেউ আবার নদের উজানে বা ভাটির দিকেও যায়।’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে বেড়াতে আসা সিরাজুল ইসলাম বলেন, ‘এই জায়গাটি (পোর্ট) ছাড়া আশপাশে বেড়ানোর তেমন ভালো জায়গা নেই। এখানে কক্সবাজার বা কুয়াকাটা সৈকতের আমেজ পাই। তাই ছুটি পেলে এখানে প্রায়ই বেড়াতে আসি।’
বেড়া পৌর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের শিক্ষক আবুল কালাম বলেন, ‘পোর্ট এলাকাটি অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আমরা তো এখানে বেড়াতে আসিই, বাড়িতে আত্মীয়স্বজন এলে তাদেরও স্থানটি দেখানোর জন্য আনা হয়।’
বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েক ব্যক্তি প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দেড় বছর আগে টাকা দিলেও গ্রামবাসী এখনো বিদ্যুৎ পাননি।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন ফি ১০০ টাকা দিতে হয়। এর বাইরে সদস্য ফি হিসেবে ৫০ টাকা এবং মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়া হয়। এই ৬০০ টাকা ফেরতযোগ্য। এর বাইরে বিদ্যুৎ-সংযোগের জন্য আর কোনো টাকা দিতে হয় না।
উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ১১০টি পরিবার বিদ্যুৎ-সংযোগের জন্য পাঁচ থেকে ছয় হাজার করে প্রায় ছয় লাখ টাকা দেন। ভুক্তভোগীরা বলেন, ডাঙ্গাপাড়া গ্রামের সামশুল আলম, আবদুর রশিদ, হাসান আলী, লাজিম উদ্দীন ও আবদুল হাকিম তাঁদের কাছ থেকে এ টাকা নেন। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও তাঁরা এখনো বিদ্যুৎ পাননি। এ ব্যাপারে তাঁরা বড়বাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে গত মাসে অভিযোগ দিয়েছেন।
গ্রামের দিনমজুর আবদুল মান্নান টাকা জোগাতে গরু বিক্রি করে দেন। তিনি বলেন, ‘তাড়াতাড়ি বাড়ির কারেন্ট লাগিবার তানে বাড়ির গরু বিকায়ে রশিদের হাতত ছয় হাজার টাকা দিনু। দেড় বছর পার হয়ে গেইল, কারেন্ট হইলনি। এলা টাকা ফেরত চায়েও পাছি না।’
ডাঙ্গাপাড়া গ্রামের পশ্চিম এলাকার খতিবুর রহমানসহ আরও পাঁচজন বাড়িতে বিদ্যুৎ-সংযোগের জন্য স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। তিনি বলেন, টাকা নেওয়ার সময় তাঁদের কত তোড়জোড়। তা মনে হয়েছিল, কালই বিদ্যুৎ চলে আসবে। টাকা দেওয়ার পর আর দেখা নেই। এখন আজ-কাল করে সময় পার করছে।
রফিজুল ইসলাম বলেন, ‘দিনমজুরি করে খাই। সেলা মুই কষ্টে পাঁচ হাজার টাকা জোগাড় করিবা পারিছিনু। এক হাজার টাকা দিবা না পারিলে বাড়িত মিটার লাগিবেনি বলে ওমার কত জুলুম। টাকা দিবার দেড় বছর হয়ে গেইল, এলাও। কারেনও পাছু না।’
এ বিষয়ে অভিযুক্ত আবদুর রশিদ মুঠোফোনে বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করে দিতে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। বিদ্যুৎ-সংযোগের খরচ, জামানত ও ঠিকাদারের কাজ করতে গিয়ে সাড়ে চার লাখ টাকা খরচ করা হয়েছে।
বড়বাড়ী ইউপি চেয়ারম্যান মো. আকরাম আলী বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে যাঁরা টাকা আদায় করেছেন, তাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তবে তাঁরা টাকা ফেরত দিয়েছেন কি না, তা জানা নেই।
পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ বলেন, এই এলাকার লোকজন বিদ্যুতের কার্যালয়ে আসেন না। ফলে দালালেরা যা বলেন, গ্রামবাসী তাই বিশ্বাস করেন। সংযোগ পেতে কত টাকা লাগে, তা জানতে সমিতির কার্যালয়ে গিয়ে জেনে নিলেই এভাবে প্রতারিত হতে হয় না। তবে ডাঙ্গাপাড়া গ্রামের সংযোগের জন্য টাকা নেওয়ার বিষয়ে তিনি জানেন না। এ বিষয়ে কেউ তাঁকে অভিযোগও দেয়নি।
প্রধান শিক্ষককে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে রাইগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক গতকাল শনিবার এ মামলাটি করেন।
প্রধান শিক্ষক শিল্পী রানী বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১১ সদস্যের প্রত্যক্ষ ভোটে ৮ সেপ্টেম্বর কমিটির সভাপতি নির্বাচিত হন। তিন ভোটের ব্যবধানে আবদুর রাজ্জাক পরাজিত হন। ওই দিনই ফোনে চেয়ারম্যান তাঁকে দেখে নেবেন বলে হুমকি দেন। এর জের ধরে ১২ সেপ্টেম্বর দুপুরে চেয়ারম্যান মঞ্জুর আলম ও খলসাকুড়ি গ্রামের আবু মুসা মাতাজী হাটে শিল্পী রানীর পথ রোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সাত বছরের ছেলে ও স্বামী রাশেদুল ইসলাম আহত হন। ঘটনার পর সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ করলেও থানা সেই অভিযোগ নেয়নি। অবশেষে গতকাল এটা ফৌজদারি মামলা হিসেবে নেওয়া হয়েছে। চেয়ারম্যান মঞ্জুর আলম গতকাল বিকেলে বলেন, মারধরের ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হয়েছে মাত্র।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।