প্রধান শিক্ষককে মারধর, চেয়ারম্যানের ভাগনে আটক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গত রোববার বিকেলে দুই যুবক মারধর করেছেন। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেরে যাওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।
শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকার লোকজন গত রবি ও গতকাল সোমবার বিক্ষোভ করেন।
আহত শিক্ষকের নাম পরিমল মালাকার (৫৫)। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পরিমল বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যালয় ছুটির পর কর্মধা ইউনিয়ন থেকে উপজেলা সদরের বাসায় ফিরছিলেন। পথে শুভ (২৬) নামের এক যুবক তাঁকে ‘স্যার’ বলে ডাক দেন। পরিমলকে ওই যুবক তাঁর মোটরসাইকেলে করে এগিয়ে দেওয়ার কথা বলেন। কিছুদূর যাওয়ার পর মোস্তাকীন (২২) নামের আরেকজন মোটরসাইকেলে উঠে শিক্ষকের পেছনে বসেন।
আহত শিক্ষকের বরাত দিয়ে তাঁর সহকর্মীরা বলেন, মোটরসাইকেলে পরিমলকে দুই যুবক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেন। তাঁরা জানতে চান, সভাপতি পদে কেন কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুস সহিদকে নির্বাচিত করা হয়েছে। একপর্যায়ে পরিমলকে মোস্তাকীন এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। বুধপাশা এলাকায় রাস্তার বাঁকে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পরিমল চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়। আর স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করে পিটুনি দেয় ও পুলিশের কাছে সোপর্দ করে।
শিক্ষক পরিমলের স্ত্রী জয়ন্তী রানী মালাকার গতকাল বলেন, পরিমল মাথা, বাঁ হাত ও বাঁ পায়ে আঘাত পেয়েছেন। রোববার রাতে তাঁকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।
হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, গত জুন মাসে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন হয়। কমিটির মোট নয় সদস্যের ভোটে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সহিদ নির্বাচিত হন। নির্বাচনে একটি পক্ষ কর্মধা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এম এ রহমান আতিককে সভাপতি করার তদবির চালায়।
চেয়ারম্যান আতিক মুঠোফোনে বলেন, ‘শুভ আমার ভাগনে আর মোস্তাকীন যুবলীগ করে। শুনেছি তারা শিক্ষকের ওপর হামলা করেছে। কেন তারা এটা করল বুঝতে পারছি না। আর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়া বা না হওয়া নিয়ে কারও সঙ্গে আমার বিরোধ নেই।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ওই বিদ্যালয় থেকে মিছিল বের হয়। পরে রবিরবাজার-মুরইছড়া সড়কে মানববন্ধন হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ছাড়াও স্থানীয় জনতা অংশ নেয়। এর আগে রোববার রাতে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে ওই সড়কটি এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বলেন, এ ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে রোববার রাত একটায় থানায় মামলা করেছেন। মামলায় শুভ এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাকীনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়েছে। আটক ব্যক্তিরা পুলিশি পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটতে পারে।