প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগমকে মারধরের ঘটনায় করা মামলার চার আসামিকে গতকাল সোমবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বহিষ্কৃত সভাপতি আবদুল মজিদ মোল্লা, তাঁর ছেলে আজিজুর রহমান, আজিজুরের স্ত্রী মরিয়ম বেগম ও জয়নাল মোল্লা। দেলুয়াবাড়ি গ্রামের নিজেদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনিয়মের অপরাধে বহিষ্কৃত সভাপতি আবদুল মজিদ ১ সেপ্টেম্বর দলবল নিয়ে তাঁর কক্ষে ঢুকে প্রধান শিক্ষক শাহিনুরকে মারধর করেন। আহত শাহিনুর সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মারধরের ঘটনার পরদিন তিনি বাদী হয়ে আবদুল মজিদ মোল্লাসহ ছয়জনকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, গ্রেপ্তার করা চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।