প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গতকাল রোববার বেলা একটা থেকে দুটা পর্যন্ত মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। উপজেলার দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগমকে গত বৃহস্পতিবার মারধরের প্রতিবাদে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক সবুজ পাঠান, শিক্ষক মোফাজ্জল হোসেন, সাইফুর রহমান, স্বপ্না বেগম, আবদুস সাত্তার, নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনিয়মের দায়ে বহিষ্কৃত সভাপতি আবদুল মজিদ দলবল নিয়ে গত বৃহস্পতিবার অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক শাহিনুরকে চড়থাপ্পড় মারেন। পরে আহত প্রধান শিক্ষককে ওই দিন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরদিন প্রধান শিক্ষক শাহিনুর বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জানতে গতকাল অভিযুক্ত মজিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।